রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

পুঠিয়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজশাহী অফিস: রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পরকীয়া করছে এমন সন্দেহে মাছুরা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে। শনিবার ভোররাতের দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া-দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাছুরা বেগমের স্বামীর নাম হাবিবুর রহমান (৬০)। শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে গত ভোররাতে হাবিবুর রহমান তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। জানা গেছে, তাদের মধ্যে দীর্ঘদিন থেকে মতবিরোধ চলে আসছিল। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করার সন্দেহে দুইজনের মধ্যে দীর্ঘদিন থেকে মনমালিন্য হয়ে আসছিল। সে সূত্রে এই হত্যাকাণ্ড হতে পারে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই মহসিন আলী শনিবার দুপুরে বাদী হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ